ডেস্ক রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মহান শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর ২০২১) বেলা ১২টায় জেলা শহরে র্যালি শেষে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশ পরিচালনায় করেন সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাসুদ রানা, জেলা স্কুল বিষয়ক সম্পাদক মাছুদা আক্তার, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে ৫৯ বছর আগে ১৯৬২সালের ১৭সেপ্টেম্বর স্বৈরাচারী আইয়ুব সরকারের গণবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রাণ দিয়েছিলেন মোস্তাক, বাবুল, ওয়াজিউল্লাহসহ আরও অনেকে সেই থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। সেই দিনটির চেতনাকে ধারণ করে সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং অব্যাহত আন্দোলন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আজকের ছাত্র সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, করোনা কালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ, মেস ভাড়া-বাড়ি ভাড়া মওকুফ, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে। সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিন নিশ্চিত করা, বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত,রোডম্যাপ ঘোষণা করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিশ্চিত করে দ্রুত পরীক্ষা নেওয়া, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
বক্তারা গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের বাইরে স্থানান্তরের চক্রান্ত বন্ধ, গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ নির্মাণ, গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নানাবিধ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইন্টারনেটে গেম বন্ধ, পর্নোগ্রাফি ও পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।