ডেস্ক রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ৪:১১ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: মহান শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল থেকে শিক্ষাব্যবস্থা নিয়ে তালবাহানা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ।
শুক্রবার বিকাল ৪ টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের যুগ্ন আহবায়ক শাহরিয়ার রাফির সঞ্চালনায় ও আহবায়ক জুয়েল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফী নিতু, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য দ্বীপ চৌধুরী, ফাইরুজ নিহা, নেওয়াজ সৌরভ।
সমাবেশে বক্তারা বলেন, “বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণরূপে হুমকির মুখে ফেলে রাখা হয়েছে। পাঠ্যপুস্তক থেকে প্রগতিশীল লেখকদের লেখনি বাদ দিয়ে শিক্ষার্থীদের সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ৪ ধারার শিক্ষাব্যবস্থা চলমান রেখে শিক্ষাক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে। যার ফলে শিক্ষাজীবন শেষে অনেক শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তার মুখেও পড়ছে।”
সমাবেশে আশরাফী নিতু বলেন, “বাংলাদেশ স্বাধীন হলেও ১৯৬২ সালে শিক্ষার্থীদের যেই দাবি ছিলো সেগুলো এখনো পূরণ হয়নি স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার শিক্ষাকে পণ্যে পরিণত করেছে। বর্তমান সরকার একদিকে শিক্ষাকে ক্রমেই বাণিজ্যে পরিণত করছে অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে কারাগারে পরিণত করে রেখেছে।”
সভাপতির বক্তব্যে জুয়েল মজুমদার বলেন,”বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে ভয়ের সঞ্চার করতে চাচ্ছে। যাতে করে শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করতে না পারে। এভাবে মূলত সরকার তার যেই অগণতান্ত্রিক আচরণ তা উন্মোচন করছে।”
জুয়েল মজুমদার আরো বলেন, “মহান শিক্ষাদিবসের সকল শহীদরা যেই দাবি আদায় করতে নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন তাঁদের সেই দাবি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের লক্ষে ছাত্র ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীদের সাথে একসাথে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে কোনোপ্রকার তালবাহান করা হলে প্রয়োজনে ১৯৬২ সালের মত আরো একটি গণ আন্দোলন গড়ে তুলবে ছাত্র ইউনিয়ন।”
সমাবেশ থেকে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ এক ধারার অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার দাবি জানান। একইসাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি ও গ্রেডিং সিস্টেমের দাবিও জানান নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়।