ডেস্ক রিপোর্ট
৪ সেপ্টেম্বর ২০২১, ৮:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ যুব ইউনিয়ন এর উদ্যোগে অবিলম্বে বেকারভাতা চালুসহ কর্মপ্রত্যাশীদের কর্মসংস্থানের দাবীতে আজ শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ বিকেল ৫ টায় পুরনো পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য শিশির চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি চৌধুরী জোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মেহেদী হাসান নোবেল। কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান সমাবেশ পরিচালনা করেন।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজিম, সহ-সভাপতি আলী কাওসার মামুন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জীবন কুমার সাহা, উদীচী নেতা আরিফ নূর।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বেকার ও করোনাকালীন সময় কর্মহীন বেকার যুবকদের বেকার ভাতা নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তারা অবিলম্বে চাকুরী প্রত্যাশীদের কর্মসংস্থানের ব্যবস্থা, ঘুষ বাণিজ্য বন্ধ, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ, নতুন কর্মসংস্থান সৃষ্টি করে আউট সোর্সিং এর নামে বাণিজ্য বন্ধ করে যোগ্যতা বিবেচনায় কাজ নিশ্চিত করার দাবি করেন। বক্তারা সরকারী প্রণোদনার অর্থ লুটপাট ও সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করারও দাবী করেন।