ডেস্ক রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ৩:৩৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে ফের দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানায় দায়ের হওয়া মাদকের মামলায় চারদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে একই মামলায় আবারও পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন।
শুনানির সময় পরীমণিকে ‘ফিল্ম ইন্ডাস্ট্রির সামথিং’ উল্লেখ তার আইনজীবী মজিবুর রহমান বলেন, এটা মাদকের মামলা। প্রথম সিনেমা লাস্ট কিস; সেখান থেকে সিনেমা আজকের জায়গায় এসেছে। আমরা কী আবার পেছনে ফিরে যেতে চাই?
এসময় তিনি অভিযোগ করেন, পরীমণি যে পোশাকে ঘর থেকে বের হয়েছিলেন, ১২২ ঘণ্টা তাকে একই কাপড়ে রাখা হয়েছে। এই আইনজীবী আদালতকে বলেন, হতে পারেন তিনি অভিযুক্ত। তার তো একটা লাইফস্টাইল আছে। তার প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে।
এসময় পরীমণির আইনজীবী আদালতের কাছে কিছুটা সময় আবেদন করেন। কারণ তার সাথে আইনজীবীদের কোনও কথা হয়নি। মজিবুর রহমান বলেন, তিনি (পরীমণি) অসুস্থ, মেয়ে মানুষ। তাকে এই আইনে কেন রিমান্ডে নেবেন? যারা মাদক সেবন করেন, তাদের শাস্তি দেওয়ার জন্য এ আইন না। তিনি যদি ব্যবসার সাথে জড়িত হন। তবে রিমান্ডের ব্যাপার আসতো।
পরে তিনি আদালতের কাছে পরীমণির জামিনের আবেদন করেন।
পোশাকের বিষয়ে পরীমণির আইনজীবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ বলেন, পরীমণি এতদিন অন্য জামা গায়েই ছিলেন। আজ আসার আগে তিনি জামা চেঞ্জ করে এটা গায়ে দিয়ে এসেছেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমণির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে পরীমণি বলেন, আপনারা মিডিয়ার লোকেরা কি করছেন? আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। এর পর দ্রুত পুলিশ সদস্যরা তাকে আদালতের হাজতখানায় নিয়ে যান।