ডেস্ক রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ৪:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কৃষক ক্ষেতমজুরসহ গ্রামাঞ্চলের সকল মানুষের করোনা টেস্ট এবং বিনামূল্যে চিকিৎসাসহ ৭ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১৮ জুলাই ২০২১ দেশাব্যাপী জেলায় সিভিল সার্জন এবং উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে স্মারকলিপি পেশ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কৃষক ফ্রন্টের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দপ্তর সম্পাদক নিখিল দাস, বাসদ ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।
নেতৃবৃন্দ বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট এর সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য ও চিকিৎসার নাজুক পরিস্থিতি প্রকাশ্যে উন্মোচিত হয়েছে। সরকার সময়মতো উদ্যোগ না নেয়ায় করোনার সংক্রমণ গ্রাম পর্যায়ে বিস্তার ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এবারে সংক্রমিত রোগীর শতকরা ৫০ ভাগ গ্রাম থেকে আসছে। একদিকে গ্রামের মানুষের আর্থিক সংগতি নেই, অন্যদিকে গ্রামে করোনা পরীক্ষা ও চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা নাই।
নেতৃবৃন্দ গ্রামীণ জনগোষ্ঠীকে করোনা অতিমারী থেকে বাঁচাতে নিন্মোক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সকারের প্রতি জোর দাবি জানান ।
১) জরুরি ভিত্তিতে গ্রাম পর্যায়ে বিনামূল্যে সকলের করোনা পরীক্ষার ব্যবস্থা কর।
২) যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনা করে উপজেলা /ইউনিয়ন পর্যায়ে সেনাবাহিনীর মেডিকেল কোরের সহায়তায় করোনা চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল স্থাপন কর।
৩) গ্রামের কৃষক ক্ষেতমজুরসহ প্রাপ্তবয়স্ক সকলকে দ্রুত টিকা দেয়ার ব্যবস্থা কর।
৪) হাসপাতালসমূহে শয্যাসংখ্যা, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ বেডসহ চিকিৎসা পরিধি বাড়াও; পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ দাও; কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত কর; স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ কর।
৫) গ্রাম-শহরের শ্রমজীবী দরিদ্রদের এক মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা দাও; করোনা মোকাবেলয় কার্যকর লকডাউন দাও।
৬) দৈনিক কমপক্ষে ১ লক্ষ করোনা টেস্ট, কন্ট্রাক্ট ট্রেসিং ও আইসোলেশনের ব্যবস্থা কর।
৭) বিনামূল্যে সকল নাগরিকের করোনা চিকিৎসা করতে হবে; করোনায় মৃত্যুবরণকারীদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।