ডেস্ক রিপোর্ট

১০ মে ২০২১, ১০:৪৬ অপরাহ্ণ

মাগুরায় বাসদের উদ্যোগে অদম্য পাঠশালার শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট টাইম : মে ১০, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে অদম্য পাঠশালার শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১০ মে) সকাল ১১টায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন শিশু বিশেষজ্ঞ ডা. আলী হাসান ফরিদ (জামিল)। এ সময় ৫০ জন শিক্ষার্থীকে চিকিৎসা সেবা দেওয়া হয় । শিশু-কিশোরদের “স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা” বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, আলোচনা করেন ডা. আলী হাসান ফরিদ (জামিল) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঝিনাইদহ জেলা সমন্বয়ক এড. আসাদুল ইসলাম আসাদ।

সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাস্ক, সাবান, সি ভিটামিন, খাবার স্যালাইন, টুথপেস্ট ও টুথব্রাশসহ একটি করে ব্যাগ বিতরণ করা হয় ।

সভায় বক্তাগণ বলেন যে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর আমরা দেখতে পাই চিকিৎসা বাণিজ্যিক উপকরণে পরিনত হয়েছে। টাকা থাকলে চিকিৎসা আছে না থাকলে নেই–এই হচ্ছে বাস্তব অবস্থা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ সবচেয়ে কম। সভা থেকে সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানো ও দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান হয় । সামনের দিনেও বাসদের পক্ষ থেকে আরও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান হয় ।

শেয়ার করুন