ডেস্ক রিপোর্ট

১১ অক্টোবর ২০২৬, ২:২৬ অপরাহ্ণ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আপডেট টাইম : অক্টোবর ১১, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা একটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে গত শনিবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুলকালি দিতে যান।

ওই দিন শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক প্রথম আলোকে বলেছিলেন, শিল্পকলার সামনে থেকে আয়াস নামের একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়াসহ নানা কারণে আলোচনা-সমালোচনায় এসেছেন আ ন ম আয়াস।

শেয়ার করুন