ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ

নির্বাচনকে সার্বিকভাবে সুষ্ঠু বলার সুযোগ নেই: জাতীয় পার্টি

আপডেট টাইম : জানুয়ারি ১৭, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কিছু কিছু জায়গায় সুষ্ঠু ভোট হয়েছে, তবে অনেক জায়গায় কারচুপি হয়েছে। এতে সরকারের লোকেরা জড়িত ছিল। প্রিজাইডিং অফিসার পর্যন্ত ব্যালটে সিল মেরেছেন। নির্বাচনকে সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে, এ কথা বলার সুযোগ নেই।

বুধবার দলের বনানী কার্যালয়ে ব্রিফিং এসব কথা বলেছেন জাপা মহাসচিব। মুজিবুল হক চুন্নু বলেছেন, ময়মনসিংহ-৫ আসনে জাপার সালাহউদ্দিন মুক্তি ৩৪ হাজার ভোট পেয়েছেন। তার মুখে শুনেছেন, বেলা দুইটার পর অনেক ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা নিজে ব্যালটে সিল মেরেছেন। প্রার্থীর কাছে এর প্রমাণ, ভিডিও আছে।

কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থী ছিলেন মুজিবুল হক চুন্নু। এই আসনে এবং জাপা চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর-৩ আসনে শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি করে চুন্নু বলেছেন, সুনামগঞ্জ-৪ আসনে লাঙলের প্রার্থী শক্তিশালী। আওয়ামী লীগ প্রার্থীর পাস করার কথা ছিল না। কিন্তু সকাল ১১টার পর অনেক ভোটকেন্দ্রে সিল মারা হয়েছে। আরও অনেক আসনে এ ধরনের অনিয়ম হয়েছে।

গত নভেম্বরে তপশিল ঘোষণার জাপার নেতারা জানিয়েছিলেন সরকার ও নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু ভোটের আশ্বাস পেয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আশ্বাস পূরণ হয়েছে কিনা প্রশ্নে জাপা মহাসচিব বলেছেন, ‘তারা কথা রাখেনি।’

গত ডিসেম্বরে জাপা মহাসচিব হুঁশিয়ার করেছিলেন, ভোট সুষ্ঠু না হলে ব্যবস্থা নেবেন। কী ব্যবস্থা নেবেন প্রশ্নে বলেছেন, মামলা করব, প্রতিবাদ করছি, এটাও তো ব্যবস্থা।

দলের পরাজিত প্রার্থীদের ক্ষোভের বিষয়ে ২০১৮ সালের নির্বাচনের উদাহরণ দিয়ে চুন্নু বলেছেন, বিএনপি কি ৭ আসন পাওয়ার দল? কী করতে পেরেছে! যারা নির্বাচনে অংশ নিয়েছেন, জেনেশুনেই গেছেন। নির্বাচন সুষ্ঠু হতে পারে, নাও হতে পারে। তাই দায়দায়িত্ব সবারই।

নির্বাচনকে কারচুপিপূর্ণ বলে সংসদে যাওয়া উচিত নৈতিক কিনা প্রশ্নে জাপা মহাসচিব বলেছেন, অতীতেও যারা অভিযোগ করেছেন, তারাও সংসদে গিয়েছেন। নির্বাচন ব্যবস্থার পরিবর্তন ছাড়া শতভাগ সুষ্ঠু ভোট হবে না।

৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে ২৬ আসনে ছাড় পেলেও মাত্র ১১টিতে জয়ী হয়েছে জাপা। চুন্নু ফের দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু না হওয়ায় কাক্ষিত ফল পাননি।

স্বতন্ত্র এমপিরা ৬২ আসনে জয়ী হয়েছেন। জাপা ফের প্রধান বিরোধী দল হতে পারবে কিনা প্রশ্নে মুজিবুল হক চুন্নু বলেছেন, জাপা যা আসন পেয়েছে, তাই নিয়ে বিরোধী দল হিসেবে সংসদে কণ্ঠ উচ্চকিত থাকবে। বিরোধী দলের ৫০ জন এমপি থাকলেও লাভ নেই, যদি না সরকারকে জবাবদিহিতায় আনতে পারে। ১৯৭৩ সালের প্রথম সংসদে একজন বিরোধীদলীয় এমপি সংসদ কাঁপিয়েছেন। দেখেন আমরা কী করতে পারি। স্পিকার স্বীকৃতি দিলেও, জাপা বিরোধী দল, না দিলেও বিরোধী দল।

শেয়ার করুন