ডেস্ক রিপোর্ট

৯ ডিসেম্বর ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ

চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যাচ্ছে পুলিশ: আইজিপি

আপডেট টাইম : ডিসেম্বর ৯, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের প্রথম ও প্রধান কাজ জনগণের সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। পুলিশ সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। আগামীতেও দেশের আইনশৃঙ্খলা রক্ষার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে পুলিশ।

শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে অনেকেই আছেন, যারা পুলিশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তারাও আপনাদের কাছ থেকে উপদেশ ও নির্দেশনা গ্রহণ করে নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জনে সচেষ্ট হবেন।

সভায় সমিতির পাঁচ বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনকারী ২৯ মেধাবী শিক্ষার্থীকে সমিতি পরিচালিত ‘মরহুম মহীউদ্দিন আহমদ চৌধুরী-এম সহীদুল ইসলাম চৌধুরী শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিয়ার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। বার্ষিক বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ বক্তিয়ার হোসেন ভূঞা। এতে উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্য ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক।

শেয়ার করুন