ডেস্ক রিপোর্ট
২ মার্চ ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: চা-শ্রমিকদের বকেয়া মজুরি ১১০০০ টাকা নির্ধারণ করে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ১ মার্চ ২০২৩ তারিখে একটি পরিপত্র জারি করেন।চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উপদেষ্টা আব্দুল্লাহ কাফি রতন, সমন্বয়ক এস এম শুভ এবং আহবায়ক সবুজ তাঁতি এক যৌথ বিবৃতিতে চা-শ্রমিকদের বকেয়া মজুরি ১১০০০ টাকা পরিশোধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং এই সিদ্ধান্ত পরিবর্তন করে শ্রমিকদের ন্যায্য পূর্ণ বকেয়া মজুরি প্রদানের আহবান জানান।
মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ১৭০ টাকায় নির্ধারিত হয় ২০২২ সালের ২০-২২ আগস্ট থেকে। মজুরি ৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালে আগস্ট পর্যন্ত চা-শ্রমিকদের বকেয়া মজুরি (এরিয়ার) হয় গড়ে প্রায় ৩০০০০ টাকা। দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও বকেয়া মজুরি পরিশোধ করা হয় নি, বিধায় চা-শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই পরিস্থিতিতে পূর্ণ বকেয়া মজুরির পরিবর্তে নামমাত্র লোকদেখানো ১১০০০ টাকা পরিশোধের সিদ্ধান্ত চা-শ্রমিকদের সাথে প্রতারণার সামিল।
পূর্ণ বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আংশিক বকেয়া মজুরি পরিশোধের সিদ্ধান্ত বাতিল করে পূর্ণ বকেয়া মজুরি পরিশোধ করা না হলে চা-শ্রমিকদের সংগঠিত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।