ডেস্ক রিপোর্ট

১৫ জানুয়ারি ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ

৩ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : জানুয়ারি ১৫, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভুলে ভরা পাঠ্যপুস্তক, জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিল এবং শিক্ষা উপকরণের দাম কমানোর ৩ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল আজ বিকেল ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়। সমাবেশেবসভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সহ-সভাপতি রিপা মজুমদার।

বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল জেলা আহ্বায়ক এ্যানি চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অমিত চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সদস্য দ্বীপ চৌধুরী, , বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা আহ্বায়ক সাইফুর রুদ্র এবং সভা সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, ১লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে গিয়ে ভুলে ভরা এবং নিম্নমানের কাগজে ছাপানো বই তুলে দিয়ে নিজের অক্ষমতার পরিচয় দিয়েছে। মুক্তিযুদ্ধের ধ্বজাধারী আওয়ামীলীগ সরকার সঠিক ইতিহাস শিক্ষার্থী তথা জনগণের সামনে তুলে ধরার কথা বলতে বলতে পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃত করছে আবার জাতীয় শিক্ষাক্রম ২০২০এর মাধ্যমে শিক্ষাকে বেচাকেনার পন্যে পরিণত করেছে। এই শিক্ষানীতিতে কিছু ভালো কথার আড়ালে রয়েছে শিক্ষার বানিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ এবং বিজ্ঞান শিক্ষার সংকোচন। পর্যাপ্ত প্রশিক্ষণ এবং আয়োজন ছাড়াই শিক্ষানীতি চালু করার ফলে ২০১৩ সালের শৃজনশীল শিক্ষার মতই মুখ থুবড়ে পরবে।

২০২২ সালের আগস্ট মাসে জ্বালানী তেলের দাম বৃদ্ধির পর নিত্য প্রয়োজনীয় সকল পন্যের দাম বাড়তে থাকে। তারই ধারাবাহিকতায় বর্তমানে শিক্ষা উপকরণের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। কাগজের কাঁচামালের দাম বৃদ্ধির অজুহাতে নতুন বইয়ে কাগজের মান কমানোর সুযোগ দেওয়া হয়েছে প্রেস মালিকদের। জনগণের শিক্ষার অধিকারকে আরো সংকুচিত করছে স্কুলগুলোর পুনঃভর্তি ফি। শিক্ষা মন্ত্রনালয় থেকে নানা নির্দেশনা দেওয়া হলেও ফি আদায়ের ক্ষেত্রে কোন লাগাম ধরা যাচ্ছে না। সরেজমিনের বাড়তি ফি নেওয়ার উদাহরণ অসংখ্য। নানা মুখী সংকটের চাপে জনগণের শিক্ষার অধিকার, প্রাথমিক থেকে স্নাতকোত্তর, সকল ক্ষেত্রেই সংকুচিত হচ্ছে।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে ৩দফা দাবি মেনে নিয়ে জনগণের শিক্ষার অধিকার পুনঃস্থাপনের দাবি করেন।
সমাবেশের ৩দফা দাবি-
১। ভুলে ভরা নিম্নমানে ছাপা পাঠ্যবই বাতিল কর
২। জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিল কর
৩। কাগজ সহ সকল শিক্ষা উপকরণের দাম কমাও।

শেয়ার করুন