ডেস্ক রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ৮:২০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: যাত্রী তোলা নিয়ে দুই বাসের হেলপারের মধ্যে মারামারির ঘটনায় চার ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী ও নাটোরের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ২টার দিকে আবার বাস চলাচল শুরু হয়।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ভদ্রা বাসস্ট্যান্ড থেকে সকাল সাড়ে ১০টায় রংপুর যাওয়ার উদ্দেশ্যে জে. কে. স্পেশাল বাসযোগে আব্দুর রহমান নামের এক যাত্রী রওনা দেন। তিনি বলেন, বাসটি নাটোরে পৌঁছালে সেখানকার শ্রমিকরা সব যাত্রীদের নামিয়ে দেন। এসময় আমরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুরের পর নাটোর থেকে রংপুরের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করি।
শুধু আব্দুর রহমান নন। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় তার মতো শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় এক যাত্রীকে নিজেদের বাসে নিতে রাজশাহী ও নাটোরের দুটি বাসের হেলপার জোরাজুরি করছিলেন। এ নিয়ে কথাকাটাকাটি একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই ঘটনায় রাতেই নাটোরের শ্রমিকরা রাজশাহী অভিমুখে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এরপর বুধবার সকাল ১০টার পর নাটোর থেকে কোনো বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে সকাল ১০টার পর রাজশাহী থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচল করলে নাটোরের বাস শ্রমিকরা রাজশাহীর দিকে বাসগুলো ফিরিয়ে দেয়।
তিনি আরও বলেন, আমরা রাজশাহী ও নাটোরের বাস শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে দীর্ঘ বৈঠকের পর বিষয়টি মীমাংসা করি। এরপর আজ দুপুর ২টা থেকে উভয়পক্ষ রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল শুরু করে।