ডেস্ক রিপোর্ট
৩ জানুয়ারি ২০২৩, ৫:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যার কারণে শীতে কাবু হয়ে উঠেছে পর্যটন ও চায়ের রাজ্যের মৌলভীবাজার। নতুন বছরের শুরুতেই বেশি শীত অনুভূত হচ্ছে এখানে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মৌলভীবাজারে সকালে এবং রাতে শীতের উপলব্ধি বেশি থাকলেও দিনে কিছুটা গরম অনুভূত হয়। তবে বিকেল এবং সন্ধ্যা আসার সঙ্গে সঙ্গে কুয়াশায় ঢাকা পড়ে চারদিক।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটার। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা কমতে পারে। তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামবে।
আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, তাপমাত্রা নিচে নামার কারণে শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। নভেম্বর থেকে হঠাৎ করে বেশি শীত অনুভূত হতে শুরু করেছে। আমাদের রেকর্ড অনুযায়ী, আগামীতে এখানকার শীতের তীব্রতা আরও বাড়বে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে।
তিনি আরও বলেন, সিলেট বিভাগের মাঝে সবচেয়ে বেশি শীত শ্রীমঙ্গলেই রেকর্ড করা হয়। প্রকৃতি ও পরিবেশগত কারণে এখানকার ঠান্ডা সিলেটের অন্যান্য জায়গার তুলনায় বেশি।