ডেস্ক রিপোর্ট

১৮ নভেম্বর ২০২২, ৪:৫৪ অপরাহ্ণ

কাঁচপুর সেতুর উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে : কাদের

আপডেট টাইম : নভেম্বর ১৮, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কাঁচপুর সেতুর উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এরা (বিএনপি) যে আন্দোলন নামে কী করবে এটা বোঝা যায়। তারা এখন উদ্বোধনী ফলক ভেঙে ফেলেছে, সেটা আমারও না, শেখ হাসিনার।

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১৮নভেম্বর) বিকেলে প্রস্তুতি সভাটি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আজকে বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। কাঁচপুর সেতুর উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে। আমাদের সচিব সেখানে আছেন। একটা মামলাও করতে হবে। এমন একটা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে ফেলেছে। এ কাজ কারা করেছে সেটা আমরা জানি। তদন্তের মাধ্যমে সব বের করা হবে।

আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ড. অনুপম সেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, মো. সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, আনিসুর রহমান, আব্দুল আউয়াল শামীম প্রমুখ।

প্রস্তুতি সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

শেয়ার করুন