ডেস্ক রিপোর্ট

২৬ সেপ্টেম্বর ২০২২, ৫:৪৩ অপরাহ্ণ

নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ্যার্থী‌দের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃ‌তের সংখ্যা বে‌ড়ে দাঁড়ি‌য়ে‌ছে ৪১ জনে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া এবং আত্রাই নদীর বি‌ভিন্ন স্থান থে‌কে এসব মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও অনেক যাত্রী নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

বিকালে বোদা উপ‌জেলার মা‌ড়েয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দে স্থা‌পিত জরুরি তথ্য ও সহায়তা কে‌ন্দ্রের দা‌য়িত্বরত কর্মকর্তারা এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। কর্মকর্তারা জানান, বিকাল ২২ নারী, ১২ শিশু ও সাত পুরুষসহ মোট ৪১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালালেও বেশিরভাগ মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় ব্যক্তিরা।

দুর্ঘটনা তদন্তে পঞ্চগড় জেলা প্রশাসনের গঠিত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় জানান, উদ্ধার মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। অনেকে নিজেদের স্বজনদের মরদেহ খুঁজে পাওয়ার পর আমাদের অবহিত করেছেন। মরদেহ সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাথাপিছু ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাযোগে ৮০ জনের বেশি যাত্রী বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে (নদীর অপর পাড়ে) যাচ্ছিলেন। তবে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন