ডেস্ক রিপোর্ট

২২ সেপ্টেম্বর ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ

পরিবহন শ্রমিক নেতাদের উপর মামলা, সিলেটের যান চলাচল বন্ধ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: পরিবহন শ্রমিক নেতাদের মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সিলেটের সবগুলো প্রবেশ পথ বন্ধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। এ ঘটনার পর থেকে আটকা পড়েছেন ঘরমুখোসহ নানা শ্রেণির মানুষ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে সিলেটের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা।

সরেজমিনে দেখা যায়, সিলেটের হুমায়ুন রশীদ চত্ত্বর, চন্ডিপুল, টিলাগড় পয়েন্ট, আম্বরখানা, কীনব্রিজ, তেমুখিসহ সবকটি পয়েন্টে শ্রমিকরা জড়ো হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে রাখেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত রাখেন রাজপথ।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন এই তথ্য অধিকার বিডিকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আমরা রাজপথে কর্মবিরতি পালন করছি। যতক্ষণ না এই মামলা প্রত্যাহার হবে ততক্ষণ আমরা রাজপথে অবস্থান করবো।

উল্লেখ্য, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্য, মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করে পরিবহন শ্রমিকরা।

শেয়ার করুন