ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২২, ৯:১৮ অপরাহ্ণ

লুটপাটের ফলে রাষ্ট্রীয় ঘাটতি মেটাতে জনগণের কাঁধে মূল্যবৃদ্ধির বোঝা : রুহিন হোসেন প্রিন্স

আপডেট টাইম : আগস্ট ২২, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, গত ১৩ বছরে আওয়ামীলীগ সরকারের শাসনামলে লুটপাট, দূর্নীতি, অর্থপাচার, ব্যাংক লোপাটের ফলে রাষ্ট্রীয় তহবিল ফাঁকা হয়ে গিয়েছে। সে ঘাটতি মেটাতে তারা জনগণের কাঁধে মূল্যবৃদ্ধির বোঁঝা চাপিয়ে দিয়েছে।

তিনি বলেন, অথচ জ্বালানি তেলের উপর শুল্ক,কর প্রত্যাহার করলে তেলের দাম বৃদ্ধির প্রয়োজন পড়তোনা। সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ মরনাপন্ন হলেও,মন্ত্রীরা বলছে-আমরা বেহেশতে আছি, কেউ না খেয়ে নাই ইত্যাদি। যে সরকার জনগণের কষ্ট বোঝেনা, সে ‘ব্যবসায়ীবান্ধব’ সরকার আর দরকার নেই।

কমরেড প্রিন্স বলেন, জ্বালানি তেল, ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে ও ফ্যাসিবাদী দুঃশাসন এর বিরুদ্ধে আগামী ২৫ তারিখ আধাবেলা হরতাল সফল করার আহবান জানাই।’’

২৫ আগস্ট হরতালের সমর্থনে আজ সোমবার (২২ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা উদ্যোগে নগরীর সিনেমা প্যালেস মোড়ে বাম জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও বাসদ(মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরী জয়, বাসদ নেতা মহিনউদ্দিন, সিপিবি জেলা সহসাধারণ সম্পাদক নূরুচ্ছফা ভূঁইয়া, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য জাহেদুন্নবী কনক, বাসদ নেতা রায়হান উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে হরতালের সমর্থনে ট্রাক মিছিল অনুষ্ঠিত হয় এবং নগরীর আন্দরকিল্লাহ, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, কাজীর দেউরীতে পথসভা অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ আগামী ২৫ আগস্ট বৃহ্স্পতিবার সারাদেশে অর্ধদিবস(৬-১২ টা) হরতাল সফল করার আহবান জানান।

শেয়ার করুন