ডেস্ক রিপোর্ট
২০ আগস্ট ২০২২, ১১:২২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেট নগরীর বাদামবাগিচায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে শাহজাহান নামের ব্যক্তি। শুক্রবার (১৯ আগস্ট) রাতে বিমানবন্দর থানাধীন বাদামবাগিচা এলাকার ২নম্বর রোডের এক বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ মাসের ১ তারিখ সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা শাহজাহান আহমদের (৩০) স্ত্রী (২৫) ও শাশুড়ি (৫৩) নগরীর বাদাম বাগিচার ২ নম্বর রোডের একটি বাসা ভাড়া নেন। ওই বাসায় শাহজাহানের দুই সন্তান নিয়ে বসবাস করেন স্ত্রী ও শাশুড়ি। মাঝেমধ্যে সে আসা-যাওয়া করতো। শুক্রবার রাতে শাহজাহান হঠাৎ ওই বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও শাশুড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টায় গলায় ছুরি চালায়।
খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও বিমানবন্দর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে আহত স্ত্রী, শাশুড়ি ও শাহজাহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, পারিবারিক কলহের জেরে শাহজাহান তার স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে নিজের গলা ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাদের তিন জনের অবস্থাই আশঙ্কাজনক।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘পারিবারিক কলহ থেকে এমনটি ঘটিয়েছেন শাহজাহান। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।’