ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২২, ৪:৫৫ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৮ ডেঙ্গুরোগী

আপডেট টাইম : আগস্ট ১৭, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। এ নিয়ে সারাদেশে মোট ৪১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায় নি।

বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১৭ আগস্ট) একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৭৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ২১ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪১৪ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮৬ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪ হাজার ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৬৫০ জন।

এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৯৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪২ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৮৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়া জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৭ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন