ডেস্ক রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১০:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৪ আগস্ট ২০২২ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বাসদ গাজীপর জেলা শাখার সদস্যসচিব রাহাত আহমেদ এবং আল আমিন হাওলাদার শ্রাবণসহ ৫ জনকে পুলিশের গ্রেপ্তারে নিন্দা প্রকাশ করেন এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, আজ বিকেল সাড়ে চারটায় গাজীপুর চৌরাস্তায় জেলা রিকশা, ব্যটারি রিকশা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির সমাবেশে পুলিশ কোন কারণ ছাড়াই বাধা প্রদান করে এবং রাহাত আহমেদ এবং আল আমিন হাওলাদার শ্রাবণসহ ৫ জনকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১ দ্রুত চূড়ান্ত ও কার্যকর এবং ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রুত নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স প্রদানসহ ন্যায্য দাবির সমাবেশে হামলা ও গ্রেপ্তার সরকারের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন প্রকাশ। সরকার সারাদেশে এক ভিতিকর ত্রাসের রাজত্ব চালাচ্ছে। এর বিরুদ্ধে দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিবৃতিতে তিনি অবিলম্বে নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন এবং রিকশা, ব্যটারি রিকশা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দাবি মেনে নেয়ার আহবান জানান।