ডেস্ক রিপোর্ট
২ আগস্ট ২০২২, ৭:২৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি বজলুর রশীদ ফিরোজ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এক যুক্ত বিবৃতিতে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বা বস্তা প্রতি ৩০০ টাকা অর্থাৎ ৩৮% বৃদ্ধির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, পুরো করোনাকালে অন্যান্য সবকিছু স্থবির হয়ে পড়লেও কৃষক তার উৎপাদনের চাকা সচল রেখেছে এবং গোটা দেশের মানুষের মুখের আহার যুগিয়েছে। এমনিতেই কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধি, ফসলের ন্যায্য মূল্য না পাওয়া ইত্যাদির ফলে গোটা কৃষিব্যবস্থা চরম সংকটের মধ্যে আছে। তার উপর এখন আবার জ্বালানি তেলের সংকট, লোড শেডিং এর ফলে গোটা সেচ ব্যবস্থা ব্যাহত হবে। শ্রাবণ মাসের ৩ সপ্তাহ পার হতে চলেছে কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কৃষক রোপা আমন বপন করা নিয়েও অনিশ্চয়তার মধ্যে আছে। এর উপরে সারের এই মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে।
নেতৃবৃন্দ বলেন, যেখানে প্রধানমন্ত্রী বলছেন এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, উৎপাদন বাড়াতে হবে আবার তার সাথে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাংঘর্ষিক। যেখানে কৃষিতে ভর্তুকি বাড়ানো উচিত তা না করে এই মূল্য বৃদ্ধির ঘটনা গোটা কৃষি উৎপাদনকে ব্যাহত করবে, খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। নেতৃবৃন্দ বলেন চলমান বৈশ্বিক এই সংকটকালে কৃষি ও কৃষি উৎপাদনই হতে পারে রক্ষাকবচ।
নেতৃবৃন্দ অবিলম্বে সারের এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বল্পমূল্যে ভেজালমুক্ত সার প্রকৃত কৃষকের কাছে পৌঁছানোর দাবি করেন। একই সাথে দেশের সকল প্রগতিশীল কৃষক ক্ষেতমজুর সংগঠন ও সর্বস্তরের কৃষক-ক্ষেতমজুর আপামর জনসাধারণকে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।