ডেস্ক রিপোর্ট
১ আগস্ট ২০২২, ৮:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে চলছে নানা গুঞ্জন। আর সেসবের উত্তর দিতে পর্তুগিজ যুবরাজ বার বার বেছে নিচ্ছেন সোশ্যাল মিডিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার যে প্রাক মৌসুমের শেষ ম্যাচে প্রথমবার খেলবেন। সেটিও ইঙ্গিতে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ৪৫ মিনিট খেলার পর আরেকটি বার্তাও দিলেন সবাইকে।
টুইটারে ম্যাচের একটি ছবি দিয়ে যে কথাটি লিখেছেন। তাতে এটা প্রকাশ পায় না যে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন তিনি। বরং রেড ডেভিলদের হয়ে খেলতে পারার উচ্ছ্বাস ছিল তাতে, ‘ফিরতে পেরে ভালো লাগছে।’
রোনালদোকে নিয়ে গুঞ্জনটা বেশি চালাচালি হচ্ছে ইংলিশ মিডিয়ায়। বলা হচ্ছে চ্যাম্পিয়নস লিগে না থাকায় কোনওভাবেই পর্তুগিজ ফরোয়ার্ড ইংলিশ ক্লাবটিতে আর থাকতে চান না। অবশ্য এমন গুঞ্জনের পর রোনালদো যেভাবে সোশ্যাল মিডিয়ায় জবাব দিচ্ছেন। তাতে এটাই প্রকাশ পাচ্ছে, চলমান গুঞ্জনে তিতিবিরক্ত তিনি। কিছুদিন আগে ইনস্টাগ্রামের একটি পোস্টের প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমাকে নিয়ে একদিনও কথা না বলে থাকাটা অসম্ভব। না হলে তো মিডিয়া টাকা আয় করতে পারবে না। তারা ভালো করেই জানে যে, মিথ্যা না বললে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। চালিয়ে যাও, একদিন না একদিন কিছু সত্যি খবর তো পাবে।’
তার পরেও ভবিষ্যৎ নিয়ে রহস্যটা থাকছেই। লা লিগা ক্লাবের বিপক্ষে প্রথমার্ধের পর উঠিয়ে নেওয়া হয় ৩৭ বছর বয়সী তারকাকে। রোনালদো তখন বাঁশি বাজারও অপেক্ষা করেননি। হাফ টাইমেই মাঠ ছেড়ে গেছেন। যার ব্যাখ্যা দেয়নি ক্লাবের কেউ। ম্যাচটা অবশ্য ১-১ ড্র করেছে ম্যানইউ।