ডেস্ক রিপোর্ট

১২ জুলাই ২০২২, ১০:০১ অপরাহ্ণ

বিএনপিকে চোখ মেলে বিশ্ব পরিস্থিতি দেখতে বললেন তথ্যমন্ত্রী

আপডেট টাইম : জুলাই ১২, ২০২২ ১০:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কার্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিএনপিকে চোখ মেলে বিশ্ব পরিস্থিতি দেখার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড়ের নিজ বাসায় সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। এর আগে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি।

মন্ত্রী বলেন, ঈদ উদযাপন করতে মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পেরেছে। কোরবানির পশুর ক্ষেত্রেও দেশ যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে সেটা এবার আরও স্পষ্ট হয়েছে। কারণ সরকারের কঠোর অবস্থানের কারণে সীমান্ত দিয়ে ভারতীয় গরু এবার আসেনি বললেই চলে।

তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে অনেক সামর্থবান দেশও সাশ্রয়ী ভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। প্রধানমন্ত্রী সেভাবেই সাশ্রয়ী ভাবে বিদ্যুৎ ব্যবহারের আহবান জানিয়েছেন। যারা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারেনি, বিদ্যুতের দাবিতে মিছিলকারীদের ওপর গুলিবর্ষণ করেছে তাদের বিদ্যুৎ নিয়ে কথা বলারই অধিকার থাকে না।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে পারেনি। বিদ্যুতের দাবিতে তখন বিক্ষোভ করেছিলো মানুষ। কানসাটে তাদের ওপর গুলি চালানো হয়েছে। চট্টগ্রামে মোমবাতি নিয়ে মিছিল হয়েছে। ঢাকায় বিদ্যুৎ অফিস ঘেরাও হয়েছে। মানুষ হারিকেন নিয়ে মিছিল করেছে। এখন হারিকেন কি এটি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের জিজ্ঞাসা করলে বলতে পারবে না। কারণ হারিকেনের ব্যবহার নাই।

তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতেও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ইউরোপের অধিকাংশ দেশে সাশ্রয়ী ভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য সবাইকে আহবান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার কোন কোন জায়গায় ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হয়েছে। উন্নত দেশগুলোর কোন কোনটিতেও লোডশেডিং হয়েছে এবং সেখানে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য তিনটি প্রকল্পে প্রায় এগারো হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে এ টাকার সদ্ব্যবহার করা তাদের দায়িত্ব।

তিনি বলেন, আমি নিজেও চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার মধ্য দিয়েই বড় হয়েছি। মানুষের প্রত্যাশা ছিল এবার যেহেতু জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে গতবারের তুলনায় এবার পানি কম উঠবে। যেহেতু জলাবদ্ধতা প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি মাঝপথে আছে, সেজন্য মানুষ এখনো সুফল পাচ্ছে না। মানুষ যাতে তাড়াতাড়ি সুফল পায়, সে কথাই তাদের বলেছি।

শেয়ার করুন