ডেস্ক রিপোর্ট
১৭ মে ২০২২, ৪:০৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাগেরহাটের কচুয়ায় এম এম মনির নামে এক ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে কচুয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ওই ভূয়া চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত এম এম মনির বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, চার বছর ধরে চক্ষু, নাক, কান, গলা, মাথা ব্যথা রোগে অভিজ্ঞ এমন সাইনবোর্ড ঝুলিয়ে স্থানীয়দের সাথে চিকিৎসার নামে প্রতারণা করছিলেন তিনি। তার প্রতারণা ধরা পড়ায় অনেক মানুষ ভূয়া ডাক্তারের হাত থেকে বাঁচলেন।
সহকারী কমিশনার রোহান সরকার বলেন, প্রাথমিক চিকিৎসার একটি প্রশিক্ষণ নিয়েই তিনি নিজেকে এমবিবিএস পাশ দাবি করে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি সাইনবোর্ডে যে রেজিস্ট্রেশন নম্বরটি লিখেছেন সেটিও ভূয়া। তার অপরাধ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।