ডেস্ক রিপোর্ট

১ মে ২০২২, ১২:১৩ পূর্বাহ্ণ

সিলেটে ওঁরাও সম্প্রদায়ের ভূমি দখলের চেষ্টার প্রতিবাদে সমাবেশ

আপডেট টাইম : মে ১, ২০২২ ১২:১৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সিলেট নগরীর বালুচরে ওঁরাও সম্প্রদায়ের জায়গা দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওঁরাও জনগোষ্ঠি ভূমি রক্ষা কমিটি, সিলেটের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ভূমিদস্যু দুর্বৃত্ত চক্রকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলীর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মো. আরিফ মিয়া, গনফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, এনডিএফ নেতা সুরঞ্জিত সরকার, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, যুব মৈত্রী কেন্দ্রীয় নেতা হিমাংশু মিত্র, ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন ওঁরাও, শিপ্রা ওঁরাও প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অপরাপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতো সিলেটের ওঁরাও সম্প্রদায়ও একটি নিরীহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। নগরীর বালুচর এলাকায় তাদের আদি নিবাস উল্লেখ করে বক্তারা বলেন, আশির দশক থেকে ওই এলাকায় বসবাসরত চিহ্নিত একটি ভূমিদস্যূ দুর্বৃত্তচক্র ওঁরাও সম্প্রদায়ের সহায়-সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে অপতৎপরতায় লিপ্ত হয়। এরই মধ্যে বিপুল সংখ্যক ওঁরাও সম্প্রদায়ের লোকজন সম্পত্তি ও বসতভিটা থেকে উচ্ছেদ হয়েছে।

গত শুক্রবার ভূমিখেকো চক্রটি টিলা কেটে জায়গা দখলের চেষ্টায় চালায় এবং রতন ওঁরাওকে হত্যার চেষ্টা করে। এই হামলায় ওঁরাও সম্প্রদায়ের আরও ৫ জন আহত হয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে ১৫-২০ পরিবার অত্যন্ত বিপদজনক ও মানবেতর জীবনযাপনের মাধ্যমে সেখানে টিকে আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ভূমিদস্যু চক্রটি ওঁরাও সম্প্রদায়ের অসহায় মানুষদের তাদের বসতভিটা থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দেওয়ার অপচেষ্টা করছে।

শেয়ার করুন