ডেস্ক রিপোর্ট
১ মে ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: পূজিবাদী মালিকী শোষণ নিপীড়নের বিরুদ্ধে শ্রমিকশ্রেণীর লড়াই সংগ্রাম গড়ে তোলার অনুপ্রেরণার উৎস “মহান মে দিবস” উপলক্ষে গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার উদ্যোগে আজ পহেলা মে সকাল ১০.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মহীতোষ দেব মলয়ের সভাপতিত্বে এবং সদস্য প্রণব সিংহের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক এবং গনতান্ত্রিক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদি, শ্রমিকনেতা সাজিদুর রহমান সাইদুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মালিকী ব্যবস্হার শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ‘হে মার্কেট’র শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে উৎসর্গ করেছিলেন জীবন। সেদিন তাদের সংগ্রামী আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু মহান মে দিবসের ১৩৬ তম বর্ষে এসেও সারা বিশ্বের শ্রমজীবী মানুষদেরকে লড়ে যেতে হচ্ছে ন্যায্য দাবি আদায়ের জন্য। বাংলাদেশে একদিন পরেই ঈদ। সমস্হ অফিস আদালত ইতিমধ্যে ঈদের ছুটিতে চলে গেলেও সে সুযোগ থেকে বঞ্চিত দেশের শ্রমজীবী মানুষ। এখন পর্যন্ত দেশের ৮০ ভাগ গার্মেন্টস শ্রমিক জানেনা ঈদের পূর্বে তাদের বেতন পাবে কিনা। মালিকী মুনাফা লোভের নির্মমতার স্বীকার রানাপ্লাজা শ্রমিক হত্যার ৯ বছর অতিক্রান্ত হলেও বিচার আজও সম্পন্ন হয়নি। দেশে করোনা পরবর্তী পরিস্থিতিতে যখন শ্রমিকরা উপায়হীন তখন সরকার একে একে ২৬ টি রাষ্ট্রায়ত্ব পাঠকল এবং চিনিকল বন্ধ করে দিয়ে শ্রমিকদেরকে আরো অসহায়ত্বের দিকে ঠেলে দিয়েছে। স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের চা শ্রমিকদের মজুরি, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হচ্ছে প্রতিদিন। দেশের এমন পরিস্থিতিতে শ্রমিকশ্রেণির অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের চেতনার আলোকবর্তিকা হয়ে থাকবে মহান মে দিবস।