ডেস্ক রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ১২:৪৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: ব্যাপক পুলিশি নির্যাতন ও ধরপাকড়ের মুখে বাম জোটের আধাবেলা হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট আহুত আজ ২৮ মার্চ ২০২২ দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানান।
বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, সারা দেশের বিভিন্ন জায়গায় হরতালের প্রচার কার্যক্রম চলাকালে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসীরা বাঁধা প্রদান করে ও হামলা চালায়। আজ সকালে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর ও পল্টন এবং খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লাসহ দেশের প্রায় ২০টি জেলায় পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রসীরা হামলা চালায়। এতে বাম জোটের প্রায় শতাধিক নেতা কর্মী আহত হোন এবং বাসদ সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টুসহ প্রায় ৩০ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। সারাদেশে জনগণের স্বতস্ফূর্ত সমর্থনে এবং শান্তিপূর্ণ উপায়ে যখন বাম গণতান্ত্রিক জোট এই হরতাল পালন করছিল তখন সম্পূর্ণ বিনা উস্কানীতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। ঢাকার পল্টনে হরতালের শান্তিপূর্ণ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ জলকামান ব্যবহার করে গরম পানি ছোড়ে, লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে বাম জোটের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুইয়াসহ নেতৃবৃন্দ আহত হোন। বিবৃতিতে পুলিশের এধরণের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জনান বজলুর রশীদ ফিরোজ এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীর নিশর্ত মুক্তি দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, এত সব আক্রমণ-বাধা উপেক্ষা করে সারাদেশের আপামর জনগণ এই হরতাল সর্বাত্মকভাবে সফল করে সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধগতিতে দিশেহারা জনগণের এই সংগ্রামী ভূমিকাকে অভিনন্দন জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষের জীবন ওষ্ঠাগত অপর দিকে একই সাথে গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর পাঁয়তারা করছে সরকার। তাই জনগণের এই আন্দোলনকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। সারা দেশে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ ২০২২ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামীকাল বিকেল ৪টায় পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে বাম জোটের সকল নেতা কর্মীকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।