ডেস্ক রিপোর্ট
৭ মার্চ ২০২২, ৮:২২ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেন রাশিয়ার শর্ত পূরণ করলে ‘যেকোনো মুহূর্তে’ চলমান সামরিক অভিযান বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে মস্কো।
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে অবশ্যই ক্রিমিয়াকে রাশিয়ান এবং দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
এর পাশাপাশি, পেসকভ বলেছেন ইউক্রেনকে অবশ্যই তার সংবিধান সংশোধন করতে হবে এবং যেকোনো ব্লকে প্রবেশের দাবি প্রত্যাখ্যান করতে হবে (উদাহরণস্বরূপ ন্যাটো)।
তিনি আরও যোগ করেন, রাশিয়া ইউক্রেনের ‘অসামরিকীকরণ’ শেষ করবে। এই শর্তগুলো পূরণ হলেই ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযান ‘মুহূর্তের মধ্যে বন্ধ’ করবে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের উপর আর কোনো আঞ্চলিক দাবি করতে চাইছে না রাশিয়া।
২০১৪ সালের মার্চে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এছাড়াও এর কয়েক সপ্তাহ পর ইউক্রেনের পূর্ব দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার ঘোষণা দেয় মস্কো।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রুশ সেনারা।
এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ১২তম দিনে গড়িয়েছে। টানা ১২ দিনের এই রক্তক্ষয়ী সংঘাতে দুই পক্ষেরই হতাহতের খবর পাওয়া গেছে।