ডেস্ক রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ৫:৪৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় দেশের ১৬টি জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। জেলাগুলো হলো মাদারীপুর, মানিকগঞ্জ, নেত্রকোনা, বান্দরবন, খাগড়াছড়ি, নাটোর, নওগাঁ, পাবনা, কুড়িগ্রাম, বাগেরহাট, যশোর, মাগুরা, মেহেরপুর,নড়াইল, সাতক্ষীরা, মৌলভীবাজার।
শুধু ঢাকা ও কক্সবাজারে একশ’র বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ হাজার ১৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে মৃত্যু হয়েছে ১৩ জনের। সর্বশেষ ৯ জানুয়ারি, এক দিনে রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৯১ জন।
শনিবার পর্যন্ত এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। এছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।