ডেস্ক রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জন।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া, করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ২৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৯ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের মৃত্যু হয়েছিল এবং নতুন করে ১৪ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ৮ জন ঢাকার, ৬ জন চট্টগ্রামের এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের ১ জন করে আছেন।