ডেস্ক রিপোর্ট

২৩ জানুয়ারি ২০২২, ২:৩৫ অপরাহ্ণ

সবকিছু খোলা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত অযৌক্তিক: ছাত্র ফ্রন্ট

আপডেট টাইম : জানুয়ারি ২৩, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সবকিছু খোলা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত ও অযৌক্তিক এবং শিক্ষার্থীদের সাথে প্রহসন বলে অভিহিত করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশের সবকিছু চলছে আগের মতই। এমনকি বাণিজ্য মেলাও বন্ধ নেই। উপরন্তু বাণিজ্য মেলায় যাতে মানুষ যাতায়ত করতে পারে তার জন্য বিশেষ বাস সার্ভিসও রাখা হয়েছে। তবে সরকারের কাছে করোনা মোকাবেলার একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া। ২০১৯ সাল থেকে করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে ছিল। এতেই শিক্ষা ব্যবস্থার এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার বদলে সরকার আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা এক গভীর সঙ্কটের মুখে পতিত হবে। অনলাইন শিক্ষার কথা বলা হচ্ছে কিন্তু দেশের প্রায় ৯৪ ভাগ গ্রামীণ শিক্ষার্থী অনলাইন শিক্ষার আওতার বাইরে ছিল বলে পত্রিকায় এসেছে। তাই কোন রকম গবেষণা বা পর্যালোচনা ছাড়া এভাবে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা সমগ্র শিক্ষার্থী সমাজকে চরম সংকটের মুখোমুখি করবে।

নেতৃবৃন্দ বলেন, অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রীসহ বিভিন্ন বর্ষের চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। অনেক বিভাগের আর মাত্র একটা/দুইটা পরীক্ষা হওয়া বাকি ছিল। অথচ কোন অজানা কারণে তাদের শিক্ষাজীবন আবার অনির্দিষ্টকালের জন্য আটকে গেল। ইতোমধ্যেই হাজারো সঙ্কটে জর্জরিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তাদের পরীক্ষা চালু রাখার দাবিতে। আমরা তাদের দাবীর সাথে সংহতি জানাচ্ছি।

নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পরীক্ষা পুনরায় শুরু করার দাবিও জানান।

শেয়ার করুন