ডেস্ক রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ৬:০০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সোমবার বিকেলে প্রথম দিনের সংলাপে যোগ দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
এর আগে, রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে বিকেল পৌনে চারটার দিকে বঙ্গভবনে পৌঁছে জাতীয় পার্টির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এডভোকেট সালমা ইসলাম। এছাড়াও, রয়েছেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নুসহ সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।
নির্বাচন কমিশন গঠনে এখনও আইন প্রণয়ন না হওয়ায় এবারও রাষ্ট্রপতিকে সার্চ কমিটির পথে যেতে হচ্ছে। তারই অংশ হিসেবে রাষ্ট্রপতি আজ থেকে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন।
সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের অনেকেই এবার নির্বাচন কমিশন গঠনে নতুন আইনের কথা বলছে। আগের দুই সংলাপে অংশ নিলেও এবার রাষ্ট্রপতির ডাকে অংশ নিচ্ছে না বিএনপি। নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই বিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন।
এরপর আগামী ২২শে ডিসেম্বর জাসদের (ইনু) সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে রাষ্ট্রপতির।