ডেস্ক রিপোর্ট

১০ ডিসেম্বর ২০২১, ৩:৩৯ অপরাহ্ণ

মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

আপডেট টাইম : ডিসেম্বর ১০, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ২১শে আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছিলো, তখন মানবিকতা কোথায় ছিলো? বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য। শুক্রবার সকালে বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এদেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে বিএনপি মহাসচিবের কাছে এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলার পর খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন- এই বক্তব্য কোনও সভ্য দেশের নেতার বক্তব্য হতে পারে কী না মির্জা ফখরুলের প্রতি সে প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানতে চেয়ে বলেন, সন্তানের মৃত্যুর পর বেগম জিয়াকে সান্তনা দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন গিয়েছিলেন, তখন তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন সেই অমানবিক ও অসভ্য আচরণ কোন সভ্য দেশের একটি রাজনৈতিক দলের প্রধান করতে পারেন? এর জবাব কি দিবেন বিএনপি মহাসচিব?

গণভবনে চায়ের আমন্ত্রণের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ কোন সভ্য দেশের একজন দলপ্রধান করতে পারেন? তার জবাবও কি বিএনপি মহাসচিব দিবেন? জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, তাহলে বলুন এদেশের রাজনীতিতে কে মানবিকতার স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে। বিএনপি নেতারা এখন বেগম জিয়ার জন্য মায়া কান্না করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অথচ তার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটি মিছিলও তারা করতে পারেনি।

 

শেয়ার করুন