ডেস্ক রিপোর্ট

৯ ডিসেম্বর ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ

রাজধানীতে কর্মীসভায় হামলার অভিযোগ বিএনপির

আপডেট টাইম : ডিসেম্বর ৯, ২০২১ ১১:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মীসভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম।

আবদুস সালাম বলেন, ‘মামলা বা ভয় দেখিয়ে বিএনপি’র কর্মকাণ্ড স্তব্ধ করা যাবে না।’

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লালবাগ থানাধীন আরএনডি রোডের হৃদয় কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানাধীন ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভার আয়োজন করা হয়। কর্মীসভার শুরুতেই স্থানীয় আওয়ামী লীগের দলীয় কর্মীরা অনুষ্ঠানে হামলা চালায়। তারা সেখানে সাজসজ্জার কাজে নিয়োজিত বিএনপি নেতাকর্মীদের মারধর করে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এ সময় আবদুস সালাম এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ঘটনাস্থলে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে কর্মীসভায় দেওয়া বক্তব্যে আবদুস সালাম বলেন, ‘আমরা সব হামলা এবং সন্ত্রাসের জবাব দিতে প্রস্তুত। অতীতেও যারা দেশকে গণতন্ত্র ও ভোটবিহীন করতে চেয়েছিল তারা কেউ রক্ষা পায়নি, হাসিনাও রক্ষা পাবে না। আজ জেগে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার আন্দোলন। সারা বাংলাদেশের মানুষ এখন এক হয়ে গেছে। উল্টাপাল্টা কিছু করলে পালানোর রাস্তা পাবে না বর্তমান শাসকগোষ্ঠী।’

ওয়ার্ড কমিটি পুনর্গঠনের লক্ষ্যে গঠিত টিম-৫ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, মনির হোসেন চেয়ারম্যান, সদস্য আনোয়ার পারভেজ বাদল, শহিদুল ইসলাম বাবুল, নাদিয়া পাঠান পাপনসহ ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন