ডেস্ক রিপোর্ট

২৯ নভেম্বর ২০২১, ৬:১২ অপরাহ্ণ

করোনার ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট : বিশ্বজুড়ে সীমান্ত বন্ধের হিড়িক

আপডেট টাইম : নভেম্বর ২৯, ২০২১ ৬:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এক ডজন দেশে এই ভ্যারিয়েন্ট পৌঁছে যাওয়ায় অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বিমান চলাচলে বিধি-নিষেধ আরোপ করছে।

টিকাদান শুরু হওয়ার পর বিশ্ব বাজারে প্রায় দুই বছরের স্থবিরতা কাটতে শুরু করলেও নতুন ভ্যারিয়েন্টের কারণে আবারও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বিনিয়োগকারীরা এখনো নতুন ভ্যারিয়েন্টের বিশদ জানার অপেক্ষায় আছেন।

সোমবার জাপান বলেছে, তারা বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ইসরায়েলের পথে হেঁটেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার দুয়ার পুনরায় খুলে যাওয়ার পরিকল্পনা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় সম্ভাব্য অতি-সংক্রামক ওমিক্রন গত বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়। এরপর থেকে এই ভ্যারিয়েন্ট অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি এবং নেদারল্যান্ডসেও শনাক্ত হয়েছে।

ওমিক্রনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ‘এই ভ্যারিয়েন্টের তীব্রতার মাত্রা বোঝার জন্য কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।’

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এড়াতে সতর্কতা হিসেবে জাপান মঙ্গলবার রাত থেকে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, জাপান প্রথমে বিদেশিদের প্রবেশ বন্ধ করবে। এছাড়া কিছু নির্দিষ্ট দেশ থেকে ফেরা জাপানিদের সরকার নির্ধারিত স্থাপনায় কোয়ারেন্টাইন পালন করতে হবে।

জাপানে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত না হলেও দেশটির স্বাস্থ্যমন্ত্রী শিগেইউকি গোটো বলেছেন, নামিবিয়া থেকে আগত একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত কি না তা জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

রোববার মধ্যরাত থেকে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে সন্ত্রাসবিরোধী ফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে দেশটি।

প্রথম ওমিক্রন রোগী শনাক্ত হওয়ার পর অস্ট্রেলিয়া বলেছে, তারা আগামী ১ ডিসেম্বর থেকে দক্ষ অভিবাসী এবং শিক্ষার্থীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনা করবে। সীমান্ত শিথিলতার বিষয়ে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা প্যানেলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বিদেশি দর্শনার্থীদের জন্য এখনই দুই সপ্তাহের হোটেল কোয়ারেন্টাইন বিধি চালু করা হলে তা আগাম হয়ে যাবে।দেশটির সম্প্রচারমাধ্যম নাইন নিউজকে তিনি বলেনে, এই মুহূর্তে আমাদের কেবল একটি পদক্ষেপ নিতে হবে। সেটি হলো, সবাইকে শান্ত থাকতে হবে। সেই সঙ্গে সঠিক তথ্য পেয়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে প্রথম সতর্ক ঘণ্টা বাজানো দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাঞ্জেলিক কোয়েৎজি বলেছেন, তার কাছে চিকিৎসা নেওয়া সন্দেহভাজন কয়েক ডজন ওমিক্রন আক্রান্ত রোগীর শরীরে কেবল মৃদু উপসর্গ দেখেছেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

শেয়ার করুন