ডেস্ক রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ৩:৫৯ অপরাহ্ণ
বরিশাল প্রতিনিধি:: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সারাদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাশের দাবিতে সকাল ১১টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি ছাত্রনেতা মো. জাবেরের সভাপতিত্বে ও সহসভাপতি ছাত্রনেতা হাছিব আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জামান কবির। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক রাকিব মাহমুদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিজন শিকদার।
সমাবেশ থেকে বক্তারা বলেন, সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অতিদ্রুত কমাতে হবে। সেই সাথে সারাদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাশের নিশ্চিত করতে হবে। নটরডেম কলেজের যে শিক্ষার্থী নিহত হয়েছে তার দায়ভার রাষ্ট্রকে নিতে হবে এবং দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে।
গতকাল টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের কর্মসূচিতে ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রসঙ্গে নেতারা বলেন, অবিলম্বে ছাত্র লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। এবং দ্রুতই তাদের বিচারের আওতায় আনতে হবে।
বক্তারা আরো বলেন, এই অবৈধ সরকার কোনরকম গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, এই সরকার জনগণদ্বারা নির্বাচিত না তাই তারা জনগণের কথা ভাবছে না। শিক্ষার্থীদের হাফপাশের ন্যায্য দাবিতেছে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার বিচারের দাবি জানান।
তারা আরো বলেন, অবৈধ অনির্বাচিত সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করার দাবি জানানো হয় সমাবেশের পক্ষ থেকে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কর্যালয়ের সামনে শেষ হয়।