ডেস্ক রিপোর্ট

১৯ নভেম্বর ২০২১, ৬:০৪ অপরাহ্ণ

মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ, বোর্ডে তলব মুশফিককে

আপডেট টাইম : নভেম্বর ১৯, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে না থাকা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন মুশফিকুর রহিম। সেটি তিনি কেন করেছেন, তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একটি সূত্র এটি নিশ্চিত করেছে।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে নেই মুশফিক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে মুশফিকের না থাকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’

মুশফিক নিজে অবশ্য দলে ডাক না পাওয়াকে ‘বিশ্রাম’ বলছেন না। বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি দাবি করেছেন, টি-টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়নি। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের যোগাযোগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এসব মন্তব্য করে মুশফিক আচরণবিধি ভেঙেছেন বলেই মনে করছে বিসিবি। কারণ দর্শানোর নোটিশের জবাবে তাকে বলতে হবে, কেন ও কী কারণে সংবাদমাধ্যমকে এসব কথা তিনি বলেছেন।

শেয়ার করুন