ডেস্ক রিপোর্ট

৩১ অক্টোবর ২০২১, ৩:৪১ অপরাহ্ণ

সবচেয়ে বেশি বেতন পান যেসব দেশের সরকার প্রধান

আপডেট টাইম : অক্টোবর ৩১, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আমরা সাধারণত জানি যে, বিশ্বের নামীদামি বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ও প্রযুক্তি প্রতিষ্ঠনাগুলোর প্রধান নির্বাহী, তারকা অভিনেতা ও গায়ক-গায়িকারা অনেক বেতন পান। কিন্তু এমন অনেক দেশ রয়েছে যাদের সরকারপ্রধানরাও রাষ্ট্র থেকে বিশাল বেতন পান।

চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বিশাল অঙ্কের বেতন পাওয়া সরকারপ্রধানদের একটি তালিকা তৈরি করেছে। তালিকায় রয়েছেন এশিয়ার একটি দেশের সরকারপ্রধানও। আসুন জেনেন নেওয়া যাক কোন কোন দেশের সরকার প্রধান বিশাল বেতন পান।

সিঙ্গাপুর
বিশ্বের যেসব দেশের সরকারপ্রধান বেশি বেতন পান তাঁদের মধ্যে একজন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং। তাঁর বেতন ১৩ কোটি ৬১ লাখ টাকা (১৬ লাখ ডলার)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তাঁর চেয়ে কম বেতন পান, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেতনের চেয়ে ১২ গুণ বেশি।

যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট বেতন পান ৩ কোটি ৪৩ লাখ টাকা (৪ লাখ ডলার)। আর তাঁর পাওয়া সুযোগ-সুবিধাগুলো হয়তো গুণে শেষ করা যাবে না। ১৩২ কক্ষের হোয়াইট হাউস থেকে শুরু করে সুসজ্জিত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে কী নেই।

এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজটি তিন তলাবিশিষ্ট। সব মিলিয়ে জায়গা রয়েছে চার হাজার বর্গফুট। উড়োজাহাজটিতে একটি ছোট হাসপাতালও রয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে করা যাবে অস্ত্রোপচার। আরও রয়েছে প্রেসিডেন্টের ব্যক্তিগত কক্ষ এবং সুবিশাল এক রান্নাঘর। একসঙ্গে ১০০ জন মানুষের রান্না করা যায় সেখানে।

হংকং
হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বেতন পান ৫ কোটি ৭৫ লাখ টাকা (৬ লাখ ৭২ হাজার ডলার)। বিপুল অর্থের বেতন ছাড়াও বিশেষ কিছু সুবিধা পান ল্যাম। তাঁর গাড়িতে থাকে না নম্বর প্লেট। বরং গাড়ির সামনে-পেছনে লাগানো থাকে হংকংয়ের জাতীয় প্রতীক।

কানাডা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পকেটে ভরেন ১ লাখ ৪৬ হাজার থেকে ৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশের হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ১৩ লাখ টাকা।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মোটা অঙ্কের বেতনের পাশাপাশি ট্রুডো বিশাল এক বাড়িতে বসবাস করেন। রাজধানী অটোয়াতে নির্মিত এ বাড়িটি পরিচিত ‘রিদু কটেজ’ নামে। ২০১৫ সাল থেকে বাড়িটি ট্রুডোর দখলে।

প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয়তা থাকলেও বিলাসবহুল জীবনযাপনের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রুডোকে। ২০১৭ সালে বাহামা দ্বীপপুঞ্জের ধনকুবের সমাজসেবী এবং আধ্যাত্মিক নেতা আগা খানের মালিকানাধীন একটি দ্বীপে ছুটি কাটাতে যান তিনি। অবকাশ যাপনে তাঁর খরচ হয় ১ লাখ ৭০ হাজার ডলার। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কানাডার আইন ভঙ্গের অভিযোগ ওঠে।

পরে এসে আবার ভারতে একটি সফরে যান ট্রুডো। ব্যবসাসংক্রান্ত ওই সফরে খরচ হয়েছিল ১০ লাখ ডলারের বেশি।

নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বেতন পান ২ কোটি ৭৮ লাখ টাকা (৩ লাখ ২৪ হাজার ডলার)। করোনাকালে আলোচনায় এসেছেন জেসিন্ডা। মহামারির কারণে নিউজিল্যান্ডের ৫০ লাখ বাসিন্দা চাকরি হারান অথবা তাঁদের বেতন কাটা হয়। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিজের বেতনের ২০ শতাংশ কেটে রাখার অনুরোধ জানান তিনি।

জাপান
ইয়োশিহিদে সুগা জাপানের সাবেক প্রধানমন্ত্রী। মাত্র এক বছরের মাথায় সম্প্রতি ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সুগা বেতন পেতেন ২ কোটি ১৮ লাখ টাকার বেশি (২ লাখ ৫৫ হাজার ডলার)।

জার্মানি
বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ২০০৫ সালে তিনি জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হন। তিনি বেতন পান ৩ কোটি ১৭ লাখ টাকা (৩ লাখ ৬৯ হাজার ৭০০ ডলার)। জার্মানির নাগরিকদের তুলনায় এ বেতন আট গুণ বেশি।

বেলজিয়াম
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দার ডি ক্রো বেতন পান ২ কোটি ২৯ লাখ টাকা (২ লাখ ৬৭ হাজার ডলার)। পাশাপাশি উড়োজাহাজের বিশাল এক বহর রয়েছে তাঁর। বহরের বিলাসবহুল সব উড়োজাহাজগুলো বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পাশাপাশি ব্যবহার করেন দেশটির রাজপরিবারের সদস্যরাও।

লুক্সেমবার্গ
ছোট দেশ লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর বেতনের পরিমাণটা বেশ বড়। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জেভিয়ার ব্যাটেল বেতন পান ২ কোটি ৩২ লাখ থেকে ২ কোটি ৯১ লাখ টাকা (২ লাখ ৭ হাজার থেকে ৩ লাখ ৪০ হাজার ডলার)। মাত্র ৬ লাখ ১৪ হাজার জনসংখ্যার দেশটির অর্থনৈতিক অবস্থাও বেশ শক্ত।

অস্ট্রিয়া
অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জের বেতন ২ কোটি ৮১ লাখ টাকা (৩ লাখ ২৮ হাজার ৬০০ ডলার)। দেশটির নাগরিকদের গড় বেতনের তুলনায় এ অর্থ ছয় গুণ বেশি। মাত্র ৩৫ বছর বয়সে অস্ট্রিয়ার চ্যান্সেলর হন কুর্জ। দেশটির ইতিহাসে তিনি সবচেয়ে কমবয়সী সরকারপ্রধান।

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বেতন দেশটির সাধারণ নাগরিকদের গড় বেতনের তুলনায় ছয় গুণ বেশি। এর পরিমাণ ৩ কোটি ৩৯ লাখ টাকা (৩ লাখ ৯৫ হাজার ৫০০ ডলার)। এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে দুটি বিলাসবহুল বাসভবন ব্যবহারের সুযোগ পান তিনি।

শেয়ার করুন