ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর ২০২১, ৪:৩২ অপরাহ্ণ

বগুড়ায় নদীতে গোসল করতে নেমে মেডিকেল ছাত্রের মৃত্যু

আপডেট টাইম : অক্টোবর ১৬, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোসাব্বির হোসেন ফাহিম (২২) নামে এক মেডিকেল কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, গত শুক্রবার ফাহিম তার নানার বাড়ি সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামে বেড়াতে যান। শনিবার সকাল ৮টার দিকে গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে দীঘলকান্দি গ্রাম সংলগ্ন যমুনা নদীতে গোসল করতে নামেন।

নদীর ওই স্থানে তেমন স্রোত না থাকলেও বালু উত্তোলনের কারণে গভীর গর্ত থাকায় ফাহিম সেখানে তলিয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে তল্লাশি শুরু করেন। দুপুর ১২টার দিকে আধা কিলোমিটার ভাটিতে ফাহিমের মরদেহ পাওয়া যায়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন