ডেস্ক রিপোর্ট

৮ অক্টোবর ২০২১, ১০:৩০ অপরাহ্ণ

জিয়াউদ্দিন বাবলুর স্মরণসভায় জাপার সিনিয়র নেতারা একমঞ্চে

আপডেট টাইম : অক্টোবর ৮, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকারবিডি ডেস্ক:: ‘মহাসচিব’ পদ নিয়ে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত হলেও প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভায় অংশ নিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র নেতারা। দলের চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘মহাসচিব’ পদে আগ্রহী প্রায় সব নেতাই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। প্রায় প্রত্যেকেই দলকে ঐক্যবদ্ধ রাখার আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার (৮ অক্টোবর) বিকালে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন একজন নন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সবসময় গণমানুষের কল্যাণে কাজ করেছেন।’

দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু কখনও সত্য বলতে ভয় পাননি। একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে তিনি গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবেন। ছাত্র জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন।’

কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন।’ আরেক কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের মন্তব্য, ‘রাজনীতির মাঠে জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন আপোষহীন।’

‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু‘র মৃত্যুর শোক‘কে শক্তিতে পরিণত করার কথা জানান কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, ‘জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ছিল এবং থাকবে। ঐক্যের শক্তি নিয়েই জাতীয় পার্টি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

কো-চেয়ারম্যান মুজিবুল চুন্নু এমপি বলেন, ‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।’ কো-চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, ‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু‘র রাজনৈতিক উজ্জ্বল দিক নিয়ে একটি বই রচনা করতে হবে।’

সভায় জাপার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও।

প্রসঙ্গত, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গত ২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

শেয়ার করুন