ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৫ অপরাহ্ণ
অধিতার ডেস্ক:: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন কর্তৃক ১২ জন শিক্ষার্থীকে জোর করে চুল কেটে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাঁর অপসারণ দাবি করেছে প্রগতিশীল ছাত্র জোট।
আজ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে প্রগতিশীল ছাত্র জোট সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এই দাবি জানান।
বিবৃতিতে ছাত্র নেতৃবৃন্দ বলেন, এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা বিশ্ববিদ্যালয়ে অপ্রত্যাশিত। সেই শিক্ষক এরপরদিন পরিক্ষার হলে শিক্ষার্থীদেরকে হুমকি-ধামকি দেন। এতে আতঙ্কিত ও অবসাদগ্রস্থ হয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে এখন হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনা অত্যান্ত বর্বর এবং ঘৃণ্য। বিগত ৩ বছর ধরেই তিনি শিক্ষার্থীদেরকে এরকম হেনস্তা করে আসছেন, এরকম অভিযোগ আছে। অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে শিক্ষক নিয়োগের মাধ্যমে এরকম শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে কারাগার বানানোর আয়োজন চলছে। বিশ্ববিদ্যালয়ের মত গণতান্ত্রিক ও মুক্তচিন্তার জায়গায় এরকম বর্বর ও ঘৃণ্য মানসিকতার শিক্ষকের কোন স্থান নেই।
নেতৃবৃন্দ অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের অপসারণ ও শাস্তি দাবি করেন ও তার স্বৈরাচারী ও বর্বর ভূমিকার বিরুদ্ধে ছাত্র সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।