ডেস্ক রিপোর্ট

২৮ সেপ্টেম্বর ২০২১, ৩:০৭ অপরাহ্ণ

দেশে পৌঁছাল ফাইজারের আরও ২৫ লাখ টিকা

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকারবিডি ডেস্ক:: টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় ফাইজার-বায়োএনটেকের তৈরি আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া এই টিকার চালান মঙ্গলবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দরের কর্মকর্তারা টিকার চালান বুঝে নিয়েছেন। সেগুলো বিমানবন্দর থেকে ওয়্যারহাউজে পাঠানো হয়েছে।

এ নিয়ে ফাইজার-বায়োএনটেকের ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এর পুরোটাই এসেছে কোভ্যাক্সের মাধ্যমে।

গত ৩১ মে প্রথম চালানে ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা আসে। ১ সেপ্টেম্বর দ্বিতীয় চালানে আসে আরও ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা। ২১ জুন দেশে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়।

যুক্তরাষ্ট্র সরকার অনুদান হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই ২৫ লাখ টিকা বাংলাদেশকে দিয়েছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরও টিকা পাঠাবে বলে এক টুইটে জানিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

ফাইজার ছাড়াও কোভ্যাক্সের আওতায় মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা বাংলাদেশ পাচ্ছে।

অধিকারবিডি/প্র.পা

শেয়ার করুন