ডেস্ক রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ৮:০৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের আসাম রাজ্যে পুলিশ ও স্থানীয় জনগণের সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেনআরও অনেকে।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজ্যের দারাং জেলার গরুখুটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
অবৈধ অণুপ্রবেশকারীদের উচ্ছেদে রাজ্য পুলিশের একটি দল এলাকাটিতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে গুলি ছোঁড়ে পুলিশ।
পুলিশ সুপার সুশান্ত বিশ্বাস শর্মা বলেন, ‘এই সংঘর্ষে অন্তত নয় পুলিশ সদস্য এবং আরও দুইজন বেসামরিক নাগরিক আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’
এর আগে সোমবার পুলিশ ওই এলাকা থেকে অন্তত ৮শ পরিবারকে উচ্ছেদ করে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যার ফলে ক্ষতিগ্রস্ত অন্তত ২০ হাজার মানুষ। যাদের বেশিরভাগই পূর্ব বাংলার মুসলমান বংশোদ্ভূত। চলতি বছর জুন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সরকার ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে।
সোমবার উচ্ছেদ অভিযানের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইটে জানান, ‘৮০০ পরিবারকে উচ্ছেদ করে প্রায় ৪ হাজার ৫০০ বিঘা জায়গা খালি করার জন্য আমি দারং এর জেলা প্রশাসন এবং আসাম পুলিশকে অভিনন্দন জানাচ্ছি।’