ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২১, ৪:২১ অপরাহ্ণ

অবিলম্বে কুইকরেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করার দাবি

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮, ২০২১ ৪:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকারবিডি ডেস্ক:: অবিলম্বে কুইকরেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করার দাবি জানিয়ে বাসদ (মার্কসবাদী)’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী কমরেড ফখরুদ্দিন কবির আতিক বলেছেন, ২০২০ সালে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় কুইক রেন্টাল প্রকল্প বন্ধের ঘোষণা দেয়। সে সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নসরুল হামিদ এ প্রকল্পগুলোতে সরকারের বিপুল অর্থের অপচয়ের কথা বলেন। ভাড়াভিত্তিক এসব প্ল্যান্টগুলোতে বিধিমতো টেন্ডার হয় না। ফলে সরকারি কর্মকর্তা এবং ঠিকাদার প্রতিষ্ঠানের যোগসাজশে লুটপাট চলে। কেন্দ্রগুলোতে সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করে।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে, ‘ ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। এভাবেই জনগণের টাকা লুট হয়ে যাচ্ছে।”

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে কমরেড আতিক বলেন, “ সম্প্রতি জাতীয় সংসদে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোর মেয়াদ ৫ বছর বৃদ্ধি করা হয়েছে। ২০০৯ সালে ‘বিদ্যুৎ ও জ্বালানী দ্রুত সরবরাহ আইন ’ পাশ করে আওয়ামী সরকার । সরকার দ্রুত বিদ্যুৎ সরবরাহের কথা বললেও এর মূল উদ্দেশ্য ছিলো, দ্রুতগতিতে জনগণের করের টাকা লুটপাট। নতুন করে ৫ বছর মেয়াদ বৃদ্ধির কারণ একটাই, এ লুটপাটকে আরও দীর্ঘায়িত করা।”

তিনি আরও বলেন, “এ পর্যন্ত বহুবার এ বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানো হয়। ভূমি ক্রয়, উন্নয়ন এবং ভৌত অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ খরচ করে। অথচ ভাড়াভিত্তিক এসব বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ সক্ষমতা তো দূরে থাক, ৩০ শতাংশও চালানো সম্ভব হয়নি। বসিয়ে রেখে সরকারকে অর্থের যোগান দিতে হয়েছে। বিপুল দামে বিদ্যুৎ কিনতে হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তথ্যমতে, গত ৬ বছরে শুধু কেন্দ্র ভাড়া বা ক্যাপাসিটি পেমেন্ট বাবদ ৬২ হাজার কোটি টাকা খরচ হয়েছে।

তিনি আরও বলেন, “ সরকারের সঠিক বিদ্যুৎ ও জ্বালানি নীতি নেই। এগুলো মূলত বিদেশী প্রতিষ্ঠান এবং দেশীয় লুটেরা গোষ্ঠীর স্বার্থেই করা হয়। অথচ প্রয়োজন ছিলো রাষ্ট্রীয় উদ্যোগে সাশ্রয়ী দামে বিদ্যুৎ উৎপাদন। ”

তিনি অবিলম্বে কুইকরেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন