ডেস্ক রিপোর্ট

১৩ সেপ্টেম্বর ২০২১, ২:৪১ অপরাহ্ণ

‘ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিতেও দ্বিধাবোধ করে না বিএনপি’

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩, ২০২১ ২:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিএনপি ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিতেও দ্বিধাবোধ করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমসাময়িক বিষয় নিয়ে সোমবার নিজের বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের মুখোশের আড়ালে ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিতেও দ্বিধাবোধ করে না।’

তিনি বলেন, ‘যারা স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে হাত মিলায়, তারা কখনো সার্বভৌমত্বের রক্ষক হতে পারে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি মুখে ভারত বিরোধিতার ফেনা তুললেও, ভারতের সঙ্গে নতজানু অবস্থান নিয়েছিল যা তাদের সময়কালে দেশবাসী দেখেছে।’

তিনি বলেন, শেখ হাসিনার সাহসিকতা ও কূটনৈতিক দক্ষতায় বহু বছরের পুরোনো ছিটমহল বিনিময় এবং সীমান্ত সমস্যা আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের শাসনামলে কোনো সমস্যার সমাধানতো করতে পারেনি, বরং প্রতিবেশী দেশের সঙ্গে অবিশ্বাস আর আস্থাহীনতার দেয়াল তুলেছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার দেশ ও জনগণের স্বার্থকে সমুন্নত রেখে অবিশ্বাসের দেয়াল ভেঙে তৈরি করেছে সম্পর্কের সেতুবন্ধন।’

সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে কয়েক দফা বৈঠক হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘ভারত সরকার কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না।’

ভারত সরকার এই বিষয়ে প্রতিশ্রুতি রক্ষা করবে এমনটাই আশা করছেন তিনি।

শেয়ার করুন