ডেস্ক রিপোর্ট

২ সেপ্টেম্বর ২০২১, ৩:০৯ অপরাহ্ণ

দলের সঙ্গে যোগ দিলেন কিউই ওপেনার

আপডেট টাইম : সেপ্টেম্বর ২, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ সফরে প্রথম ম্যাচে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচের আগে বাড়লো তাদের দলীয় শক্তি। দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশে এসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তরুণ ওপেনার ফিন অ্যালেন।

পরপর দুইদিন করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী অ্যালেন। এক বিবৃতির মাধ্যমে খবরটি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এ সিরিজে নিউজিল্যান্ড দলের দায়িত্বে থাকা হেড কোচ গ্লেন পোকন্যাল বলেছেন, ‘দুটি করোনা পরীক্ষায় সে নেগেটিভ হয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করছি সে দ্রুতই একাদশে ফিরতে পারবে। আরও কিছু পরীক্ষা হয়তো তাকে দিতে হবে, তারপর দেখা যাবে।’

গত ২০ আগস্ট মূল দলের চারদিন আগেই কলিন ডি গ্র্যান্ডহোমের সঙ্গে ঢাকায় চলে এসেছিলেন অ্যালেন। পরে ২৪ আগস্ট খবর আসে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। যে কারণে তার জায়গায় নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে পেসার ম্যাট হেনরিকে।

বাধ্যতামূলক তিনদিন কোয়ারেন্টাইনের পর শুক্রবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন হেনরি। তার আগে করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে তাকে। অ্যালেনের বদলি হিসেবে হেনরিকে ডেকে আনা হলেও, এখন দুজনই থাকবেন স্কোয়াডে।

ফিন অ্যালেন সুস্থ হয়ে ফেরায় শক্তি বাড়বে নিউজিল্যান্ডের। এখনও পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যালেন, তিনটিই বাংলাদেশের বিপক্ষে। যার মধ্যে সবশেষ ম্যাচে মাত্র ২৯ বলে ৭১ রানের টর্নেডো বইয়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশের মাঠেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে কিউইরা।

শেয়ার করুন