ডেস্ক রিপোর্ট

৩০ আগস্ট ২০২১, ৮:২৮ অপরাহ্ণ

গুচ্ছ পরীক্ষার ফর্মের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়নের

আপডেট টাইম : আগস্ট ৩০, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। বর্ধিত এ মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে ছাত্র ইউনিয়ন। এবছরই প্রথম গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেন, “বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে। এ প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। এতে পরিক্ষার্থীদের ভোগান্তি লাঘব হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এ পরীক্ষার ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। এছাড়া কোন শিক্ষার্থী একাধিক বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তাকে অতিরিক্ত অর্থ গুণতে হবে। করোনাকালে মানুষের আয় নিম্নমুখী। অভাব অনটনে অনেক শিক্ষার্থীর জীবন শেষ হতে বসেছে। অথচ এমন পরিস্থিতিতে ফর্মের এমন মূল্য নির্ধারণ কাম্য নয়। দীর্ঘদিন ধরেই এদেশের সরকার শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে রূপান্তরের চেষ্টা চালাচ্ছে।

বিশ্বব্যাংকের পরামর্শে মানুষের মৌলিক অধিকার শিক্ষাকে তারা বেসরকারিকরণ এবং সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে। যার উদাহরণ আমরা দেখতে পাই শিক্ষায় ভ্যাট বা কর আরোপের সিদ্ধান্তের মধ্য দিয়ে। অবৈধ সরকার প্রকারান্তরে মজিদ খানের শিক্ষানীতি বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে ফর্মের মূল্য কমিয়ে ন্যায্যতার ভিত্তিতে মূল্য নির্ধারণের দাবি জানাচ্ছি। ফর্মের এ অতিরিক্ত মূল্য কোন শিক্ষার্থী প্রদান করবে না। সরকারের শিক্ষার বাণিজ্যিকিকরণ রুখে দিতে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্র‍য়াস দরকার বলে আমরা মনে করি। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবি ছাত্র ইউনিয়ন দীর্ঘ দিন ধরে করে আসছিলো। তাই আগামীদিনে সকল ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার দাবি থাকবে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে শিক্ষার বাণিজ্যিকিকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”

শেয়ার করুন