ডেস্ক রিপোর্ট

২৫ আগস্ট ২০২১, ১১:৪৪ অপরাহ্ণ

ছদ্মবেশী একদলীয় শাসনব্যবস্থায় সরকার: মির্জা ফখরুল

আপডেট টাইম : আগস্ট ২৫, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সরকার দেশে ‘ছদ্মবেশী’ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে লুট করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। যারা নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বলে মনে করে, যারা সারাক্ষণ মুক্তিযুদ্ধের কথা বলে তারাই সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম তাকে তারা হরণ করেছে, ধ্বংস করেছে।

যে সংবিধান ১৯৭২ সালে প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানকে তারা কেটে তছনছ করে দিয়ে ছদ্মবেশী একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এই দলটি ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবং আবারো তারা ছদ্মবেশী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।

ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের হাতে অসংখ্য মুক্তিযোদ্ধার প্রাণ গেছে ১৯৭২ সালের পরে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে তারা মিথ্যাচার করছে, অপপ্রচার করছে, বেগম খালেদা জিয়ার নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুক্তিযুদ্ধের সব আকাঙ্ক্ষা তারা পদদলিত করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস না করে সত্যিকার অর্থেই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করার ব্যবস্থা নিন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ ১০-১৫ নেতাকর্মী নিয়ে দুপুর ২টায় বিএনপি মহাসচিব শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন।

সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কিছু নেতা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ। বিএনপি মহাসচিবও চন্দ্রিমা উদ্যানের মূল প্রবেশপথ থেকে হেঁটে সমাধিস্থলে আসেন।

মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের প্রবেশে বাধা দেয়ায় নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। যারা এখানে মুক্তিযোদ্ধা আছেন তারা অত্যন্ত পরিচিত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য তারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই মুক্তিযোদ্ধাদের, সেই মুক্তিযোদ্ধা দলকে এখানে আসতে বাধা দেয়া হয়েছে, বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শেয়ার করুন