ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ

তালেবান সরকার প্রতিষ্ঠা দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় হুমকি: সিপিবি

আপডেট টাইম : আগস্ট ১৭, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের ‘নাটকীয়’ ও বিপদজনক ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে আফগানিস্তানে পুনরায় তালেবান সরকার প্রতিষ্ঠা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি।

সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড মোঃ শাহ আলম আজ মঙ্গলবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এই কথা বলেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০ বছর ধরে মার্কিন সাম্রাজ্যবাদ আফগানিস্তানে আগ্রাসী যুদ্ধ পরিচালনার পর তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়ার প্রাক্কালে ক্ষমতা তালেবানদের হাতে দিয়ে গেছে। সাম্রাজ্যবাদের এই ‘নীল নক্সার খেলার’ মার্কিনী দখলদারিত্বের দীর্ঘ কালো অধ্যায়ের পর আফগান জনগন এখন উগ্র ধর্মান্ধ জঙ্গী তালেবানি শাসনের মধ্যযুগীয় বর্বরতার অন্ধকারের সম্মুখীন। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার সেদেশের জনগনের ও বিশ্ববাসীর কাম্য হলেও, তার বিকল্প হিসেবে তালেবানি শাসন কোনমতেই কাম্য নয়। আফগানিস্তান আজ ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় নিক্ষিপ্ত হয়েছে। তালেবানদের এ উত্থানের পেছনে রয়েছে সাম্রাজ্যবাদের সুগভীর চক্রান্ত। তাছাড়া এর সঙ্গে যুক্ত রয়েছে বিলিয়ন ডলারের মাদক চোরাচালান এবং অস্ত্র-ব্যবসার সম্পর্ক।

বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ আফগানিস্তানে পুনরায় তালেবানি শাসনকে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছেন।

আফগানিস্তানে তালেবানী ক্ষমতাকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা সৃষ্টি এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশে তালেবানী প্রভাব ‘রপ্তানী’ করে নাশকতার সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে হুশিয়ার থাকার জন্য সিপিবি নেতৃবৃন্দ আহ্ববান জানিয়েছেন।

শেয়ার করুন