ডেস্ক রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ৪:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজশাহীতে লকডাউনে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার, ১৯শে জুলাই, ২০২১, নগরীর ১৭ নং ওয়ার্ডের ফুলতলা মোড়ে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসদ, রাজশাহী জেলার সমন্বয়ক কমরেড আলফাজ হোসেন যুবরাজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রাজশাহী নগরের নেতা সজিবুর রহমান প্রমুখ।
খাদ্য বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিতে গোটা দেশে মৃত্যুর মিছিল বেড়ে চলেছে।চলমান কঠোর লকডাউনে কাজ হারিয়ে লক্ষ লক্ষ গরীব দিনমজুর শ্রমিক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। সরকার মহামারী পরিস্থিতি সামলানোর জন্য স্বাস্থ্যবিধির কথা বলছে,কিন্তু এই নিরন্ন মানুষের জন্য তার কোনো ভূমিকা নেই।দূর্নীতি-লুটপাট ও নানা অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার খবরই চারপাশে দেখা যায়।উপরন্তু নারায়ণগঞ্জের রুপগঞ্জে ৫২ জন শ্রমিকের আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় বোঝা যায় কত অবহেলা ও মালিক পক্ষের নির্যাতনের মধ্যে দিয়ে এই শ্রমজীবী মানুষদের জীবন কাটছে।
বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে তাই এই শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি আমরা সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাই জনগণ থেকে সহযোগিতা নিয়ে এই কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। যতদিন লকডাউন চলবে আমাদের এই কার্যক্রম আমরা চালিয়ে নিয়ে যাবো।”
নেতৃবৃন্দ এই সময় লকডাউনে সকল দুঃস্থ শ্রমজীবী মানুষের জন্য রেশনিং,স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দাবি উত্থাপন করে তা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।